কুমিল্লা ডিসির মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৯:৫৮
কুমিল্লা জেলা প্রশাসকের (ডিসি) মোবাইল ফোন নম্বর ক্লোন করে এক সহকারী ভূমি কর্মকতার (তহশীলদার) কাছ থেকে প্রতারক চক্র অর্ধলক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
 
সূত্র জানায়, কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের ভিপি শাখায় প্রেষণে থাকা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (তহশীলদার) মো. আবুল কালামকে গত রবিবার (৮ এপ্রিল) বিকালে মুরাদনগর উপজেলা ভূমি কর্মকর্তার পরিচয় দিয়ে সরকারি নম্বর থেকে ফোন দিয়ে জানান, কালাম সাহেব আপনার সাথে ডিসি মহোদয় কথা বলবেন। এর কিছুক্ষণ পরে কুমিল্লা জেলা প্রশাসকের সরকারি নম্বর থেকে ভূমি কর্মকর্তা (তহশীলদার) মো. আবুল কালামের ব্যক্তিগত মোবাইল ফোনে কল আসে। সালাম বিনিময়ের পরে প্রতারক চক্রের ওই ব্যক্তি (কথিত জেলা প্রশাসক) বলে, আপনার ফাইলপত্রের বিষয়ে এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) যেভাবে নির্দেশনা দেয় ওইভাবে কাজ করেন বলে ফোন কেটে দেন। পরে মুরাদনগর উপজেলার ভূমি কর্মকর্তা পরিচয়ধারী সরকারি ফোন নম্বর থেকে আবুল কালামকে বলেন, আপনার কাজের জন্য ৫০ হাজার টাকা লাগবে। দ্রুত বিকাশ করে টাকা পাঠান। এ কথা শুনে ভূমি কর্মকর্তা (তহশীলদার) মো. আবুল কালাম নম্বর যাচাই করে সরকারি নম্বর মিল পেয়ে পাঁচটি পৃথক নম্বর যথাক্রমে পার্সোনাল নম্বর ০১৯৯০-০১০৯৯৯, ০১৭২২-৫০৭৩৭৫, ০১৭৯১-১১৮২২৬, ০১৭৭৪-২২৩৬৯১ এবং একটি এজেন্ট ০১৮১২-১৪৩০৮৭ নম্বরের প্রতিটিতে ১০ হাজার ২শ’ টাকা করে মোট ৫১ হাজার টাকা বিকাশ করেন। 
 
সোমবার (৯ এপ্রিল) সকালে প্রতারক চক্র ০১৭৪৯-৯৯৬১৬৯ এবং ০১৭১৭-০১৯৮১৪ নম্বর থেকে সহকারী ভূমি কর্মকর্তা (তহশীলদার) মো. আবুল কালামকে আরো টাকার জন্য অনবরত ফোন করতে থাকে। বিষয়টি সন্দেহ হলে আবুল কালাম জেলা প্রশাসকের নিকট বিষয়টি জানান। এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, আবুল কালামসহ আরো বেশ কয়েকজন অফিস স্টাফকে প্রতারক চক্র সরকারি নম্বর ক্লোন করে ফোনে টাকা চায় বলে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আল-মামুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন এবং এ ব্যাপারে সতর্ক থাকার জন্য জেলা প্রশাসক কর্তৃক প্রশাসনের সকলকে নির্দেশনা দেয়া হয়েছে। 
 
এদিকে সোমবার সকালে জেলা প্রশাসন কুমিল্লার অফিসিয়াল ফেসবুক পেইজে সতর্ক বার্তা পোস্ট করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একটি জালিয়াতি চক্র জেলা প্রশাসক, কুমিল্লা মহোদয়ের সরকারি মোবাইল নম্বরটি (০১৭৩৩-৩৫৪৯০০) ক্লোন করে বিভিন্ন জায়গায় টাকা চেয়ে ফোন কল করেছে। এ ধরনের ফোন কলের প্রেক্ষিতে কোন প্রকার আর্থিক লেনদেন বা চুক্তি না করার জন্য অনুরোধ করা হল। 
 
ইতোমধ্যে, উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। কেউ এ ধরনের ফোন কল পেয়ে থাকলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কুমিল্লাকে (০১৭৩৩-৩৫৪৯০৩) অবহিত করার জন্য অনুরোধ করা হলো।’ এর আগে প্রতারকচক্র জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের স্টেনো টাইপিস্ট সাইফুল ইসলামের সাথে প্রতারণা করেছে বলে জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে। অভিযোগের বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ‘অভিযোগ পেয়েছি। প্রতারক চক্রকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।’ 
 
ইত্তেফাক/এমআই