ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইক বলেছেন, নির্বাচন যতটা সম্ভব অংশগ্রহণমূলক দেখতে চায় যুক্তরাজ্য। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপেরও কোনো ইচ্ছা নেই তার দেশের। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ব্লেইক বলেন, যুক্তরাজ্য সব সময় অংশগ্রহণমূলক নির্বাচনে বিশ্বাস করে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সাথে সাক্ষাত্ করেছিলেন। তখন তিনি অবাধ ও স্বচ্ছ নির্বাচন, মুক্ত গণমাধ্যম এবং বিরোধীদের রাজনৈতিক অধিকার দেওয়ার ওপর জোর দেন।
হাইকমিশনার ব্লেইক বলেন, যুক্তরাজ্য কমনওয়েলথ, ইইউ ও অন্যান্য আন্তর্জাতিক সহযোগীদের সাথে নিয়ে বাংলাদেশকে শান্তিপূর্ণভাবে সামনে এগিয়ে যেতে উত্সাহ দেবে। একইসঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপও আশা করে। তার মতে, বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যস্থতার জন্য বাইরের বন্ধুদের প্রয়োজন নেই। এদেশের মানুষই একটি উপায় বের করবে। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা জরুরি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহায়তা করতে অঙ্গীকারাবদ্ধ।
রোহিঙ্গা ইস্যুতে ব্রিটিশ হাই কমিশনার বলেন, ২৫ আগস্টের পর বাস্তুচ্যুতদের সহায়তা দ্রুত সাড়া দেয় ব্রিটেন। এখন পর্যন্ত ব্রিটেন ৫৯ মিলিয়ন পাউন্ড সহায়তা দিয়েছে। আমরা এই ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করছি। তিনি বলেন, রোহিঙ্গা সংকট খুবই জটিল। এর দ্রুত কোনো সমাধান নেই। কঠিন সময়ে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় তিনি বাংলাদেশের প্রশংসা করেন। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশকে পুরোপুরি সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।
যুক্তরাজ্যের ভিসা সেন্টার নয়াদিল্লিতে সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, এটা বৈশ্বিকভাবে গৃহীত পদক্ষেপের অংশ। তবে ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। আমরা সব সময় ভিসার আবেদনকে স্বাগত জানাই এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা করি।
তিনি বলেন, আগামী সপ্তাহে লন্ডনে ৫৩ দেশের জোট কমনওয়েলথের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘উইমেন ফোরাম’ আয়োজিত ‘ক্ষমতায়নে শিক্ষা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখতে সম্মত হয়েছেন। সাম্প্রতিক দশকগুলোতে বাংলাদেশ মেয়েদের শিক্ষার ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করেছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক মাহফুজ মিশু।
ইত্তেফাক/নূহু
