বগুড়ার ধুনট উপজেলায় ভাণ্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর সাথি খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় বরইতলী ঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করে।
নিহত সাথি খাতুন উপজেলার কৈয়াগাড়ি-বরইতলী গ্রামের শাহিনুর আলমের মেয়ে। সে ভাণ্ডারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাথি খাতুন তার সহপাঠীদের সাথে যমুনা নদীর বরইতলী ঘাটে গোসল করতে নেমেছিল। নদীর ওই ঘাট এলাকায় গভীর পানি ও প্রবল স্রোত রয়েছে। গোসলের সময় পানির প্রবল স্রোতে পড়ে নিখোঁজ হয় সাথি। এ সময় একই সাথে গোসলে নামা অন্যান্য সহপাঠীরা তাকে খুঁজে না পেয়ে তার স্বজনদের খবর দেয়। পরিবারের পক্ষ থেকে সংবাদ পেয়ে ধুনট ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ শিশু শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি।
ধুনট ফায়ার সার্ভিস ইনচার্জ সিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ডুবুরি দল না থাকায় নিখোঁজ স্কুলছাত্রীকে গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে ডুবুরি দল এনে আজ সকালের দিকে স্কুলছাত্রী লাশ উদ্ধার করে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
