নরসিংদীতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১৬:০৪
হত্যা মামলায় মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি এরশাদকে (৩৪) নরসিংদী মডেল থানা পুলিশ অস্ত্রসহ গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শহরতলীর ঘোড়াদিয়া বনবিভাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান জানান, নরসিংদীর চাঞ্চল্যকর আইয়ূব মিয়া ওরফে বুলেট হত্যা মামলার মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত আসামি এরশাদ ২০১৬ সালের ১৯ ডিসেম্বর থেকে পলাতক ছিল। নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জনাব মো. মোজাফ্ফর হোসেন এর নেতৃত্বে এসআই খালেদ হাসান, মো. জাকির হোসেন, মো. মোজাফ্ফর হোসেন ও এ এসআই হামিদুল ইসলাম তাদের সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী শহরতলীর বনবিভাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃত এরশাদ চাদপুর জেলার মতলব থানার আমুয়াকান্দা গ্রামের মৃত সাদেকের ছেলে। তিনি তার মাকে নিয়ে নরসিংদী শহরের আরশীনগর এলাকায় ভাড়া থাকতো। প্রকৃতই সে একজন সন্ত্রাসী ছিল। ২০০৮ সালে নরসিংদীর শহরের বানিয়াছল এলাকার আইয়ূব মিয়া ওরফে বুলেটকে খুন করে। এ ব্যাপারে নরসিংদী মডেল থানার মামলা রুজু হয়। পরে ওই মামলায় ২০১৬ সালের ডিসেম্বর মাসে তার মৃত্যুদণ্ডাদেশ জারি হয়।
 
ইত্তেফাক/এসএস