আগামীকাল রবিবার হালখাতার আয়োজন করেছে রাজশাহী কর অঞ্চল। ‘জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ বির্নিমাণে সর্বস্তরে রাজস্ব বান্ধন সংস্কৃতি প্রচলন’ প্রতিপাদ্যে এদিন সকাল সাড়ে ৯টায় রাজশাহী কর ভবনে আনুষ্ঠানিকভাবে হালখাতার উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার মো. ফেরদৌস আলম বলেন, সকাল পৌনে ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হালখাতা চলাকালে করদাতারা জরিমানা ছাড়াই তাদের বকেয়া কর পরিশোধ করতে পারবেন। এছাড়াও করদাতারা হালখাতায় তাদের অগ্রিম করও প্রদান করতে পারবেন।
বাঙালি সংস্কৃতির সাথে আয়কর বিভাগ ও করদাতাদের সেতুবন্ধন রচনার জন্যই এবারের হালখাতার আয়োজন করা হয়েছে। হালখাতা চলাকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি করদাতাদের আপ্যায়িত করা হবে। রাজশাহী ছাড়াও নওগাঁ, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলাসমূহের আয়কর অফিসেও অনুরূপ হালখাতার আয়োজন করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
