খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নাম ঘোষণা দেয় কেন্দ্রীয় কমিটি। আর কেসিসির কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন দেয় মহানগর বিএনপির নির্বাচনী বোর্ড। কিন্তু জেলা বিএনপি সব কিছুর সঙ্গে একমত থাকলেও দুটি ওয়ার্ডে মহানগর বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী মেনে নিতে পারেনি।
শুক্রবার তারা নির্বাহী পরিষদের মাধ্যমে ওই দুটি ওয়ার্ডে পাল্টা কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা ও তাদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। এছাড়া জেলার ৯ উপজেলা ও ২ পৌর বিএনপি নেতাকর্মীদের নিয়ে কেসিসি নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে কার্যক্রম পরিচালনার জন্য ১১১ সদস্যের নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটি গঠন করেছে। খুলনা জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সকাল ১০টায় নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা। জেলা বিএনপি গঠিত নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটিতে সাধারণ সম্পাদক আমীর এজাজ খান আহ্বায়ক এবং এসএম মনিরুল হাসান বাপ্পী সদস্য সচিব মনোনীত হয়েছেন।
সভা থেকে কেসিসি নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে তৈয়েবুর রহমান এবং সংরক্ষিত ওয়ার্ড ৫ এর কাউন্সিলর পদে মিসেস মনিকে জেলা বিএনপির পক্ষ থেকে সমর্থন দেয়া হয়। তাদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। অথচ মহানগর বিএনপি গত ১১ এপ্রিল কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করে। সেখানে ২৫ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান আরজু ও সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডে আনজিরা খাতুনকে মনোনীত করা হয়।
জেলা বিএনপির সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সহ-সভাপতি অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, খান জুলফিকার আলী জুলু, শেখ আব্দুর রশিদ, মনিরুল হাসান বাপ্পী, আশরাফুল আলম নান্নু প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
