প্রগতির প্রত্যয়ে ময়মনসিংহে মঙ্গল শোভাযাত্রা

আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১১:০৬
জঙ্গিবাদ নির্মূল ও সব অপশক্তি হটিয়ে প্রগতির পথে এগিয়ে যাওয়ার দৃপ্ত উচ্চারণ নিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে ময়মনসিংহে ১৪২৫ বাংলা নববর্ষ পালিত হয়েছে।
 
আজ শনিবার সকালে ময়মনসিংহে বর্ষবরণ উদযাপন পর্ষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রা প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। শোভাযাত্রাটি মুকুল নিকেতন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।
 
মঙ্গল শোভাযাত্রায় বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, পৌর মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট আহবায়ক আমীর আহমেদ চৌধূরী রতনসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে বৈশাখী মঞ্চে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অপরদিকে ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে ১লা বৈশাখ উপলক্ষ্যে পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
 
ইত্তেফাক/এসএস