সখীপুরে ৭ বছর আগে হারিয়ে যাওয়া পুত্রের অপেক্ষায় বাবা-মা

আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ২২:৫১

টাঙ্গাইলের সখীপুরে প্রায় ৭ বছর আগে হারিয়ে যাওয়া পুত্রের অপেক্ষায় পথ চেয়ে আছেন এক দম্পতি। এই দম্পতির বাড়ি সখীপুর পৌরসভার হাসপাতাল গেইটের ৭ নম্বর ওয়ার্ডে।

এই দম্পতির হারিয়ে যাওয়া পুত্রের নাম সত্য চন্দ্র শীল (২৩)। তিনি ২০১১ সালের ৩০ অক্টোবর রাতে বাবার সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যান। প্রায় সাত বছর ধরে একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে বাবা-মা দু’জনেই নির্বাক হয়ে যাচ্ছেন।

বাবা কানাই লাল চন্দ্র শীল বলেন, 'আমার নিজের মা ননী বালা সে বছর মারা যান। সেদিন মাকে দাহন শেষে রাতে পরিবারের লোকজন নিয়ে গোসল করতে যাই। গোসলের সময় পুকুরে আমার ভাগিনা বিশ্বজিতের ছেলের সঙ্গে ঝগড়া বাঁধে আমার ছেলে সত্যের। দু’জনকে ধমক দিয়ে বাড়িতে নিয়ে যাই। সে রাতেই সেই যে অভিমানে চলে গেছে পুত্রটি তার। আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খুঁজেও তার সন্ধান আজও মেলেনি।'

সত্য সে সময় স্থানীয় সরকারি মুজিব কলেজে একাদশ বর্ষের ছাত্র ছিল। তার মা চায়না রাণীর শারীরিক অবস্থা পূত্রশোকে ভেঙে পড়েছে। শয্যাশায়ী তিনি।

এ ব্যাপারে তিনি সে সময় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। সখীপুর থানার সাধারণ ডায়েরি নম্বর-৪৬২, তারিখ ১২.১১.১১।

এ ব্যাপারে সখীপুর থানার অফিসার্স ইনচার্জ নাজমুল হক ভূঁইয়া বলেন, পুলিশের পক্ষ থেকে হারিয়ে যাওয়া সত্য চন্দ্র শীলের খোঁজ-খবর নেওয়া অব্যাহত রয়েছে।

এদিকে, অভিমানী পুত্রের অপেক্ষা কবে শেষ হবে তা তাদের জানা নেই। তবে মান ভেঙে তাদের পুত্র একদিন ফিরে আসবেই... এ বিশ্বাসই যেন বাবা কানাই লাল চন্দ্র শীল আর মা চায়না রাণীকে বাঁচিয়ে রেখেছে।

পুত্রের প্রতীক্ষায় বাবা-মায়ের দীর্ঘশ্বাস আর অপেক্ষার প্রহর...আর দীর্ঘ না হোক। কোনো সহৃদয় ব্যাক্তির সন্ধানে থাকলে তার বাবার মুঠোফোন-০১৯৬৫ ০১৫৩৪৭ ও ইত্তেফাক প্রতিনিধির মুঠোফোন-০১৭১৫ ১১৮৬২৮ এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।

ইত্তেফাক/নূহু