হবিগঞ্জের মাধবপুরে মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের ফিকলের আঘাতে হেলাল মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হেলাল ওই গ্রামের মৃত ছনাই মিয়ার ছেলে।
নিহতের ভাই ফয়সল মিয়া জানান, পবিত্র শবে মেরাজ উপলক্ষে স্থানীয় মসজিদে মিলাদের শিরনি বিতরণকে কেন্দ্র করে ওই গ্রামের কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় হেলাল মিয়ার। পরে মসজিদ থেকে বের হলে প্রতিপক্ষের ১০/১২ জন হেলালের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। বুকে ফিকল দিয়ে আঘাত করে। হেলাল মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা হেলালকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. মিঠুন রায় জানান, শরীরে একটা আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ধারণা করছেন, ফিকলের আঘাতটা নিহতের হৃদযন্ত্রে লেগেছে।
খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।
ইত্তেফাক/কেকে
