ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে এক লাখ ২৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব- ৭। গতকাল রবিবার রাতে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেদোয়ান ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঢাকার সাভারের আমিন মিয়ার ছেলে মো. বিপ্লব (৩২) ও কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার আবু তাহেরের ছেলে সুমন মিয়া (২৮)।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে মিরসরাই উপজেলার নিজামপুরে একটি মাইক্রোবাসে অভিযান চালানো হয়েছে। র্যাবের স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিমের নেতৃত্বে অভিযানে এক লাখ ২৪ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক মাইক্রোবাসটি জব্দ করা হয়।
চট্টগ্রাম থেকে এসব ইয়াবা নিয়ে তারা ঢাকার দিকে যাচ্ছিলো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/এসএস
