মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় টিপু সুলতান (৩৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মুশুরিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত টিপু সুলতান পিরোজপুর জেলার বাসিন্দা। তিনি নতুন কর্মস্থলে যোগদানের জন্য মোটরসাইকেলে করে গোপালগঞ্জ যাচ্ছিলেন।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, সকালে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা টিপু সুলতানের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। এরপর তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় বাসের চালক ও বাসটিকে আটক করা হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রাখা আছে।
ইত্তেফাক/এমআই
