ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে বর্তমান এমপি ফাহমী গোলন্দাজ বাবেলকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ায় উপজেলার সর্বত্রই মিষ্টি উৎসব, রং খেলা শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলের মনোনয়নপত্র ফাহমী গোলন্দাজ বাবেলকে হস্তান্তর করা হয়।
মনোনয়ন দেওয়ার খবরটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় উৎসব শুরু করে দলের তৃনমূলের নেতাকর্মীরা । নসিমন, করিমন, অটোবাইক, সিএনজিসহ বিভিন্ন পরিবহনের যাত্রী, পথচারী, ছোট-বড় ব্যবসায়ী, ক্ষেত-খামারের শ্রমিক-কৃষকসহ নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি মুখ করান।
পৌর শহরের ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহাজাহান সাজু বলেন, গফরগাঁও আসনে ফাহমী গোলন্দাজকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা গফরগাঁওবাসীর জন্য সুখবর। গত ৫ বছরে এই আসনে যে উন্নয়ন হয়েছে এবং এখনো চলছে তা অব্যাহত রাখতে এখানে ফাহমী গোলন্দাজের বিকল্প নেই।
পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন বলেন, মনোনয়ন ঘোষণার পর এই আসনের জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত যে সাড়া পাওয়া গেছে তাতে নিশ্চিত করে বলা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফাহমী গোলন্দাজ বাবেল বিপুল ভোটে বিজয়ী হবেন।
ইত্তেফাক/জেডএইচ
