‘নায়ক ইমেজ প্রতিষ্ঠার জন্য আমি সিনেমাটি করিনি’

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৯:২৫

তাসকিন রহমান। সম্প্রতি ‘বয়ফ্রেন্ড’ সিনেমার মধ্য দিয়ে চিত্রনায়ক হিসেবে অভিষেক হলো তার। সেই প্রসঙ্গের পাশাপাশি নতুন সিনেমা ও ইন্ডাস্ট্রিতে নিজের ক্যরিয়ার ভাবনা নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

সম্প্রতি আপনার নতুন সিনেমা ‘বয়ফ্রেন্ড’ মুক্তি পেলো। প্রথম নায়ক হিসেবে অভিনয়ের অভিজ্ঞতা ও দর্শকদের সাড়া প্রসঙ্গে বলুন—

অভিজ্ঞতা বেশ ভালো। নতুন একটা চরিত্র। নেতিবাচক চরিত্র থেকে ইতিবাচক চরিত্রে কাজ করাটা অনেকটাই ভিন্ন। আমি চেষ্টা করেছি নিজের চরিত্রের দিকে ফোকাস দেওয়ার। আর দর্শকদের সাড়া বেশ ভালো। হলগুলোতে দর্শকদের ভিড় উল্লেখ করার মতো।

 

সিনেমাটি সেভাবে প্রচারণায় আসেনি। এ বিষয়ে কী বলবেন?

প্রচারণা ও পোস্টার নিয়ে আমারও কিছুটা অসন্তোষ রয়েছে। কারণ অনেকেই জানেন না সিনেমাটি মুক্তির কথা। তবে যারা ছবিটি দেখেছে তারা বেশিভাগই প্রশংসা করেছেন। কারণ এখানে পারিবারিক একটা গল্প রয়েছে। যেটি দর্শকদের বেশি টেনেছে।

 

ভিলেন থেকে নায়ক চরিত্রে অভিনয় করলেন। এই পরিবর্তনটা কী নিজের নায়ক ইমেজ নিজেকে প্রতিষ্ঠা করার জন্য?

এমনটা একেবারেই না। কারণ নায়ক বা ভিলেন চরিত্রকে আমি আলাদাভাবে দেখি না। মিশন এক্সট্রিম সিনেমায় আমি ভিলেন চরিত্রে অভিনয় করছি। পরবর্তীতে আরোকিছু সিনেমা রয়েছে সেগুলোতেও ভিলেন হিসেবে হয়তো দেখা যাবে। বয়ফ্রেন্ড সিনেমার গল্প নিয়ে যখন আমার সাথে বসা হয় তখন গল্পটি আমার ভালো লাগে। আমার চরিত্রটিও বেশ পছন্দ হয়। সেখান থেকে আমি কাজটি করেছি। এখানে নায়ক ইমেজ প্রতিষ্ঠার জন্য আমি সিনেমাটি করিনি।

 

দেশের বাইরেও আপনাকে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকতে হয়। সেই জায়গা থেকে দেশে সিনেমার ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন?

আমি সিনেমায় আরো ১ বছর সময় দেবো। এরপর অবস্থান বুঝে আমি সিনেমা ক্যারিয়ার নিয়ে সামনে ভাববো। আর অস্ট্রেলিয়ায় আমি এখন প্রজেক্টে কাজ করছি। সেখানেও আমার সময় দিতে হচ্ছে।