নিয়ন্ত্রণ হারিয়ে আড়তে ট্রাক, একজন নিহত

আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৪:৫৩
আদমদীঘিতে বৃহস্পতিবার সকালে অদক্ষ হেলপার চালিত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাছের আড়তে ঢুকে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। নিহত ভুলু সরদার (৫০) বশিপুর সরদার পাড়ার মৃত ইউনূছ আলীর ছেলে।
 
জানা গেছে, ‘মা-সুফিয়া’ লেখা একটি ট্রাক সকালে উপজেলার বশিপুরে অবস্থিত একটি গ্যারেজে পরিষ্কার শেষে শাকিল হোসেন নামের এক অদক্ষ হেলপার তা জেলা টার্মিনালে নিয়ে যাচ্ছিলেন। উপজেলার সান্তাহার পাইকারি মাছ বাজার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাছের আড়তে ঢুকে পড়ে এবং দুই চার্জার ভ্যানকে চাপা দেয়।
 
এ সময় আড়তে মাছ নিতে আসা বশিপুর সরদার পাড়ার ভুলু সরদার (৫০) ট্রাক চাপায় ঘটনাস্থলে নিহত এবং একই এলাকার মৃত আছির উদ্দীনের ছেলে নুর ইসলাম বাবু (৫৫) আহত হন।
 
নূর ইসলামকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাজারের লোকজন হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে। সে সদর উপজেলার রজাকপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
 
এ ব্যাপারে সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই মুসা মিয়া জানান, হেলপারকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/আরকেজি