যোগ্যতাভিত্তিক রচনামূলক প্রশ্নোত্তর

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৯:৫৭

বিজ্ঞান

হিমন এডওয়ার্ড গমেজ, প্রভাষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

প্রশ্ন-১: উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য কেন মাটি, পানি ও বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ? পাঁচটি বাক্যে লিখ।

উত্তর: উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য যেসব কারণে মাটি, পানি ও বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নিম্নরূপ:

ক. মাটি, পানি ও বায়ু সব উদ্ভিদ ও প্রাণীর জীবনকে প্রভাবিত করে।

খ. উদ্ভিদ মাটিতে জন্মে এবং মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে বেঁচে থাকে।

গ. উদ্ভিদ খাদ্য তৈরি করতে পানি ও বায়ুর কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে।

ঘ. উদ্ভিদ ও প্রাণী শ্বসন কাজে বায়ুর অক্সিজেন ব্যবহার করে।

ঙ. বায়ু ও পানি ছাড়া কোন উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকতে পারে না।

প্রশ্ন-২:ক. উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? খ. উদ্ভিদ কীভাবে প্রাণীকে সাহায্য করে তার একটি উদাহরণ লেখ। গ. পরিবেশের ভারসাম্য রক্ষায় তোমার এলাকায় উদ্ভিদ সংরক্ষণের তিনটি উপায় লেখ।

উত্তর:২ এর ক : উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।

উত্তর ২ এর খ: প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। উদ্ভিদ

সূর্যের আলো, মাটি, পানি, বায়ু ইত্যাদি ব্যবহার করে খাদ্য উত্পাদন করে প্রাণীকে সাহায্য করে।

উত্তর ২ এর গ: পরিবেশের ভারসাম্য রক্ষায় আমার এলাকায় উদ্ভিদ সংরক্ষণের ৩টি উপায় হলো:

১. উদ্ভিদ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা।

২. বৃক্ষ নিধন বন্ধ করা জরুরি। যদি বৃক্ষ নিধন করা হয় তবে ১টি গাছ কাটলে ২টি গাছ লাগাতে হবে।

৩. বেশি বেশি বৃক্ষরোপণ ও বনায়নের মাধ্যমে উদ্ভিদ সংরক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব।

 

প্রশ্ন-৩ ঃ খাদ্যজাল ও খাদ্যশৃঙ্খলের মধ্যে পাঁচটি পার্থক্য লিখ।

উত্তর: খাদ্যজাল ও খাদ্যশৃঙ্খলের মধ্যে পাঁচটি পার্থক্য নিচে দেয়া হলো:

              খাদ্যজাল

          খাদ্যশৃঙ্খল

১। বিভিন্ন জীব প্রজাতি দ্বারা একাধিক খাদ্যশৃঙ্খলের সুসংবদ্ধ বিন্যাসকে খাদ্যজাল বলে।

২। খাদ্যজালে দুই বা ততোধিক খাদ্যশৃঙ্খল থাকে।

৩। একটি পরিবেশে শুধু একটি খাদ্যজাল থাকে।

৪। খাদ্যজাল হলো অনেকগুলো খাদ্যশৃঙ্খলের পারস্পরিক সম্পর্ক।

৫। খাদ্যজাল একটি জটিল প্রক্রিয়া।

১। খাদ্যের উত্পাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত শৃঙ্খল আকারে খাদ্য ও খাদকের মধ্যে যে ধারাবাহিকতা দেখা যায় তাকে খাদ্য শৃঙ্খল বলে।

২। খাদ্যশৃঙ্খলে দুই বা ততোধিক খাদক থাকে।

৩। একটি পরিবেশে দুই বা ততোধিক খাদ্যশৃঙ্খল থাকতে পারে।

৪। খাদ্যশৃঙ্খল হলো খাদ্য ও খাদকের সম্পর্ক।

৫। খাদ্যশৃঙ্খল একটি সহজ প্রক্রিয়া।

প্রশ্ন-৪: উদ্ভিদ ও প্রাণী কীভাবে একে অপরের উপর নির্ভরশীল। পাঁচটি বাক্যে লিখ।

উত্তর: পৃথিবীর সকল প্রাণী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা নিচে ব্যাখ্যা করা হলো:

প্রাণী শ্বাসকার্যে উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন গ্রহণ করে এবং উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে।

উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন:  ফলমূল, কাণ্ড ও শাখা প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে।

প্রাণীর মৃতদেহ এবং মলমূত্র মাটিতে মিশে মাটির উর্বরতা বৃদ্ধি করে যা উদ্ভিদের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন।

উদ্ভিদ অনেক প্রাণীর আবাস্থল এবং অনেক প্রাণী উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে। এর ফলে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়।

উদ্ভিদ ও প্রাণী বিভিন্নভাবে একে অন্যের ওপর নির্ভরশীল। এদের একটিকে বাদ দিয়ে অন্যটির অস্তিত্ব কল্পনা করা যায় না।