রংপুরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৫:১৫
রংপুর মহানগরীর টার্মিনালে জনসেবা ক্লিনিকের খবর সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক প্রবেশে বাঁধা দেয়ার প্রতিবাদে মহানগরীতে শনিবার মানববন্ধন করেছে সাংবাদিকরা। এসময় সন্ত্রাসীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন সাংবাদিক নেতারা।
 
আজ শনিবার বেলা ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে সম্মিলিত টেলিভিশন সাংবাদিক পরিষদের আয়োজনে মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরিষদের আহবায়ক এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মানিক সরকার, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজীদ আহম্মেদ, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম পিয়াল, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার মেরিনা লাভলীম রংপুর ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশনের সেক্রেটারি এহসানুল হক সুমন প্রমুখ।
 
এসময় বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নগরীর রেজিস্ট্রেশনবিহীন জনসেবা ক্লিনিক বন্ধ, ওই ক্লিনিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এশিয়ান টেলিভিশনের স্টাফ ফটো সাংবাদিক একেএম সুমনসহ সাংবাদিকদের ওপর হামলাকারী ক্লিনিকের মালিক, স্থানীয় কাউন্সিলরসহ সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এরমধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়াও মানববন্ধনে বলা হয়, রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না পর্যন্ত তাদের সকল ধরনের ইতিবাচক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকা হবে। অন্যদিকে রংপুর পুলিশ বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রদান ও সাক্ষাতকার না দিয়ে অসহযোগিতা থেকে সরে না আসলে ডিআইজির মাধ্যমে আইজিপির কাছে স্মারকলিপি দেয়া হবে।
 
উল্লেখ্য, গত বুধবার সকালে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে একুশের টেলিভিশনের রিপোর্টার ও ক্যামেরাম্যানকে প্রবেশে বাঁধা দেয়া হয়, রাতে নগরীর জনসেবা ক্লিনিকে ভুল অপারেশনে শিশু মৃত্যুর ঘটনার সংবাদ সংগ্রহের সময় ক্লিনিক মালিক, স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে একদল সন্ত্রাসী এশিয়ান টেলিভিশনের স্টাফ ক্যামেরা পারসন একেএম সুমনসহ সাংবাদিকদের ওপর হামলা চালায়। গুরুতর আহত সুমনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
তাছাড়া, এই ঘটনায় আজ শনিবার দুপুর ১টার দিকে সাইফুল নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
 
ইত্তেফাক/এসএস