এমপি লিটন হত্যা মামলার দ্বিতীয় দফা সাক্ষ্য গ্রহণ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২১:০৯
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার দ্বিতীয় দফায় সোমবার তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা তাদের সাক্ষ্য গ্রহণ করেন। এর আগে গত ৮ এপ্রিল প্রথম দফায় মামলার বাদী ফাহমিদা বুলবুল কাকুলীর সাক্ষ্য করেন আদালত।
 
এসময় মামলার প্রধান আসামি একই সংসদীয় আসনের জাতীয় পার্টির সাবেক এমপি কর্নেল (অব) ডা. আব্দুল কাদের খানসহ চার্জশিটভুক্ত ৮ আসামির মধ্যে ৭জন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি চন্দন কুমার রায় বর্তমানে পলাতক রয়েছেন।
 
সাক্ষীরা হচ্ছেন- এমপি লিটনের চাচি আইনুন নাহার, বাড়ির কাজের লোক ইউসুফ আলী ও আইয়ুব আলী।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শফিকুল ইসলাম শফিক বলেন, সোমবার দুপুরে জেলা জজ আদালতে মামলার সাক্ষী আইনুন নাহার, ইউসুফ আলী ও আইয়ুব আলীকে হাজির করা হয়। দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দীর্ঘ সময় বিচারক ওই তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
 
এসময় সরকার নিযুক্ত আসামি আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম প্রামানিক, কর্নেল (অব) আব্দুল কাদের খানের আইনজীবী সিদ্দিক হোসেন সেলিম ও কাদের খানের পিএস শামসুজ্জোহার আইনজীবী জাইদুল ইসলাম সাক্ষীদের জেরা করেন।
 
উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার শাহবাজ (মাস্টারপাড়া) গ্রামে নিজ বাড়িতে আততায়ীর গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের বোন ফাহমিদা বুলবুল কাকুলী বাদী হয়ে অজ্ঞাত ৪/৫জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 
পরে ২০১৭ সালের ৩০ এপ্রিল একই আসনের (জাপা) সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আব্দুল কাদের খানসহ ৮জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
 
ইত্তেফাক/আরকেজি