কেসিসি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু

আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১১:৪৫
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়।
 
প্রথমে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেককে নৌকা প্রতীক দেওয়া হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মো. মাহবুব আলম সোহাগ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুর রহমান পলাশ, মহানগর ছাত্রলীগ সভাপতি শেখ শাহজালাল সুজন প্রমুখ।
 
পরে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়। এ সময় তার সঙ্গে ২০ দলীয় জোটের প্রধান নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাহারুজ্জামান মোর্ত্তজা, মাওলানা সাখাওয়াত হোসাইন, অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু প্রমুখ। এর পর জাতীয় পার্টির (জাপা) এস এম শফিকুর রহমানকে (এস এম মুশফিকুর রহমান) লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মেয়র প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হককে হাত পাখা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাসদসহ পাঁচ দলের প্রার্থী মিজানুর রহমান বাবুকে কাস্তে প্রতীক দেয়া হয়েছে।
 
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী মেয়র প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। মেয়র প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীক দেয়ার পর সংরক্ষিত কাউন্সিলর এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে তাদের পছন্দের প্রতীক দেয়া হয়। এদিকে প্রতীক বরাদ্দের পর পরই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন।
 
উল্লেখ্য, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জাপা), সিপিবি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মেয়র প্রার্থীসহ পাঁচজন মেয়র পদে এবং সাধারণ ৩১টি ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডের ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
ইত্তেফাক/এসএস