মুজিবনগর দিবস যারা পালন করে না তারা স্বাধীনতায় বিশ্বাসী নয় :তথ্যমন্ত্রী

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:২৪

ইত্তেফাক রিপোর্ট

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করে না, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বেই বিশ্বাস করে না। আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আরো বলেন, ‘বিএনপিকে কখনো মুজিবনগর দিবস পালন করতে আমরা দেখিনি।’

তথ্যমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কিংবা তাদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিয়ে কোনো ধরনের সমঝোতা করছে না আওয়ামী লীগ।

আইন মেনে বিদেশি টেলিভিশন

চ্যানেল চালানোর আহ্বান

এদিকে বাসস জানায়, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশের ক্যাবল অপারেটরদের বিদেশি টেলিভিশন চ্যানেল এবং তাদের নিজস্ব চ্যানেল সম্প্রচারের জন্য দেশে বিদ্যমান আইনের পাশাপাশি লাইসেন্সের শর্তাবলী অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তথ্য মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে গতকাল ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর এক বৈঠকে তিনি বলেন, ‘বিদেশি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন সম্প্রচার এবং অন্যান্য অনুষ্ঠান বন্ধ করার জন্য সরকার একটি সময়সীমা বেঁধে দিয়েছে। ওই সময়সীমার পরে কোনো অপারেটর আইন লঙ্ঘন করলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

সভায় তথ্য সচিব আবদুল মালেক ও কোয়াবের সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।