নুসরাত ইস্যুতে সরকারের
উদ্দেশে মান্না
ইত্তেফাক রিপোর্ট
ফেনীতে মাদ্রাসাছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সোনাগাজী থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘লোকে বলছে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আপনাদের নেই। কারণ পুলিশ আপনার পক্ষে ভোট ডাকাতি করে, পুলিশ আপনার পক্ষে ব্যালটে সিল মারে, পুলিশ আপনার পোস্টার লাগায় আর বিরোধী দলের পোস্টার ছিঁড়ে ফেলে। এটা কোন দেশ? এই দেশের স্বাধীনতা ও নারীর সম্ভ্রম কোনো কিছু নেই।’ গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত ‘নুসরাত-তনু কেন হারিয়ে যাচ্ছে অমানবিক রাষ্ট্রযন্ত্রের হাতে’ শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, এই ধরনের অপরাধ যদি বিরোধী দলের নেতাকর্মী করত তাহলে কি হতো? কত বিএনপি নেতাকর্মীকে ক্রসফায়ারে দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত ধর্ষণের জন্য এরকম সাজা দেওয়া হয়েছে সেটা তো দেখলাম না। খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন উল্লেখ করে তিনি বলেন, এক হলমার্ক কত হাজার কোটি টাকা চুরি করেছে, বাংলাদেশ ব্যাংকের লক্ষ-কোটি ডলার চুরি হয়েছে, সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর মাত্র দুই কোটি টাকার মামলায় সাবেক প্রধানমন্ত্রী ১৭ বছরের দণ্ড ভোগ করছেন। আয়োজক সংগঠনের সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন।
