রোহিঙ্গা পীড়ন :মানবাধিকার প্রামাণ্যচিত্র উত্সব আজ শুরু

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:২৫

ইত্তেফাক রিপোর্ট

মানুষের মুক্তি ও মানবাধিকার রক্ষার নানা প্রচেষ্টা ও সংগ্রাম তুলে ধরতে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রয়াসে আরো একবার শুরু হচ্ছে সপ্তম আন্তর্জাতিক মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র উত্সব। ‘রোহিঙ্গা পীড়ন’ প্রতিপাদ্যে এবার উত্সবে দুই দেশি চলচ্চিত্রকার নির্মিত দু’টি প্রামাণ্যচিত্র ছাড়াও প্রদর্শন করা হবে বিশ্বের ১৩টি দেশের প্রামাণ্যচিত্র। আজ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিকেল পাঁচটায় এই উত্সবের উদ্বোধনী আয়োজন। উদ্বোধনী শেষে চিত্রশিল্পী দিলারা বেগম জলি পরিচালিত প্রামাণ্যচিত্র ‘জঠরলীনা’ প্রদর্শিত হবে। উত্সব চলবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত। আগামী বছর অর্থাত্ ২০২০ সাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এই উপলক্ষে আগামী বছরের এই উত্সবের মূল প্রতিপাদ্য:‘বঙ্গবন্ধু: দ্য লিবারেশন’।

গত মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসকল তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য প্রদান করেন উত্সব পরিচালক বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তারেক আহমেদ। বক্তব্য প্রদান করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইন্টারন্যাশনাল ফিল্ম সেকশন বিভাগে সারাবিশ্বের সাম্প্র্রতিক মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এবার প্রতিযোগিতামূলক বিভাগে বাংলাদেশের সাম্প্রতিক মুক্তিযুদ্ধ ও তত্পরবর্তী সময় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এ বিভাগে নির্বাচিত পাঁচটি প্রামাণ্যচিত্র হলো: দিলারা বেগম জলির ‘জঠরলীনা’, ফরিদ আহমেদের ‘লালসবুজের দীপাবলী’, তারেক মাহমুদের ‘শব্দসেনা’, ফুয়াদ চৌধুরীর ‘মারসিলেস মেইহেম’ এবং ফারশাত রিজওয়ানের ‘জননী যন্ত্রণা’। একটি ছবিকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হবে। যার মূল্যমান ১ লাখ টাকা। ওয়ান মিনিট ফিল্ম সেকশন বিভাগে ১ মিনিট দৈর্ঘ্য বিশিষ্ট চলচ্চিত্রসমূহ প্রদর্শিত হবে। এবছর প্রায় ৩০টি ছবি প্রদর্শিত হবে এই বিভাগে।

‘ভার্চুয়াল রিয়েলিটি এক্সপেরিয়েন্স: দ্য লাস্ট গুডবাই’ বিভাগে ইউসি শোহা ফাউন্ডেশন-ইউনিভার্সিটি অব সাউথার্ন ক্যালিফোর্নিয়ার সহায়তায় প্রথমবারের মতো বাংলাদেশে প্রদর্শিত হতে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও হত্যাযজ্ঞ নিয়ে চলচ্চিত্র ‘দ্য লাস্ট গুডবাই’। ছবিটির দৈর্ঘ্য ১৫ মিনিট। ছবিটি দেখার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন থেকে লটারির মাধ্যমে ছবিটি দেখার সুযোগ দেওয়া হবে। বিস্তারিত: http://bit.ly/2GpSkn6 বা fb.com/ifdflhr থেকে জানা যাবে। উত্সবে থাকছে এক্সপোজিশন অব ইয়াং ফিল্ম ট্যালেন্ট বিষয়ক চারদিনব্যাপী কর্মশালা। এ বিষয়ে ওয়েবসাইট: www.filmfestival.lwmbd.org ও উত্সবের ফেসবুক পেজ www.facebook.com/ifdflhr থেকে বিস্তারিত জানা যাবে।