পিরোজপুরের মঠবাড়িয়ায় এক যুবককে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মঠবাড়িয়া উপজেলার ঝাউতলা বেইলি ব্রিজ সংলগ্ন সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মিজান হাওলাদার (৩০)। সে পার্শবর্তী জেলা বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বহুরবুনিয়া উত্তর ফুলহাতা গ্রামের মোকসেদ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে মঠবাড়িয়া-চরখালী সড়কের ঝাউতলায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মিজান ও কয়েকজন মাদক ক্রেতা পালানোর চেষ্টা করলে মিজান হাওলাদারকে আটক করে পুলিশ। পরে তার বহনকৃত ব্যাগ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার উপ-পুলিশ পরিদর্শক ওসমান গনি জানান, গ্রেফতারকৃত মিজানের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার আদালতে তাকে সোপর্দ করা হবে।
ইত্তেফাক/নূহু
