মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হককে গ্রেফতার করেছে পুলিশ। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ পরোয়ানা জারি করার পর গুলশান থানা পুলিশ তাকে বারিধারার বাসা থেকে গতকাল মঙ্গলবার গ্রেফতার করে। আজ বুধবার তাকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান।
ওয়াহিদুল হক মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিলেন। ১৯৭৪ সালের ডিসেম্বরে দেশে ফিরে দুই বছর পর তিনি পুলিশে যোগ দেন। ৯০’র দশকে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় দায়িত্ব পালন করেন। এরপর পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক হন। মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালের ২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্টে পাঁচ থেকে ছয়শ নিরস্ত্র বাঙালি ও সাঁওতাল হত্যার সঙ্গে তার জড়িত থাকার তথ্য রয়েছে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, পাকিস্তান আর্মির সদস্য হিসেবে ১৯৭১ সালে নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর রংপুর ক্যান্টনমেন্টে হত্যা, গণহত্যা চালিয়েছিলেন এই আসামি। মানবতাবিরোধী আর কোন কোন অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল, সেটি খতিয়ে দেখা হচ্ছে। ২০১৬ সালের ৫ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ তালিকাভুক্ত করা হয়। তিনি অত্যন্ত প্রভাবশালী। তদন্ত কাজকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছিলেন। ফলে তদন্তের স্বার্থেই তাকে গ্রেফতার করা প্রয়োজন ছিল।
