পাবনার সাঁথিয়ায় ফিরোজ (২৫) নামে অভিযুক্ত এক সন্ত্রাসীকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করছে অজ্ঞাত সন্ত্রাসীরা। ফিরোজ উপজেলার নন্দনপুর ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামের আ. হান্নানের ছেলে। আজ বুধবার সকালে নিহতের লাশ উদ্ধার করছে সাঁথিয়া থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নন্দনপুর ইউনিয়নের ছোন্দহ মাঠের শাহিনের মৎস্য খামারের পাশে পাকা রাস্তার উপর সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত ফিরোজের বাবা আ. হান্নান জানান, গতকাল মঙ্গলবার রাতে খাবার খাওয়ার পর একজন ফিরোজকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে ছেলের লাশ শনাক্ত করেন ফিরোজের বাবা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান ফিরোজ একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। কিছুদিন আগে তিনি জেল থেকে জামিন পেয়েছেন। তার মৃত্যুতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশ ও এলাকাবাসীর ধারণা।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ হাসান ইনাম জানান, তার বিরুদ্ধে থানায় হত্যা, ছিনতাই, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। সহকারী পুলিশ সুপার (অপরাধ) ফিরোজ কবির, এএসপি সার্কেল আশিস বিন হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এসএস
