পুরাতন প্রশ্নপত্রে ২০ মিনিট পরীক্ষা

আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৮:৩৩
এইচএসসির হিসাব বিজ্ঞান ২য় পত্রের পরীক্ষায় ২০১৬ সালের বহু নির্বাচনী প্রশ্নপত্রে প্রায় ২০মিনিট পরীক্ষা নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ এপ্রিল) সকালে টাঙ্গাইলের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ কেন্দ্রে।
 
বিষয়টি শুনে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ওই কেন্দ্রে উপস্থিত হন। পরে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ৭মিনিট সময় বাড়িয়ে দেন।
 
বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ কেন্দ্রে জোবেদা রুবেয়া মহিলা কলেজ, করটিয়া আবেদা খানম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ ও শহীদ রওশন আলী কলেজের ৮৪ শিক্ষার্থী দুইটি কক্ষে হিসাব বিজ্ঞান ২য় পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে প্রায় ২০ শিক্ষার্থীর হাতে ২০১৬ সালের বহু নির্বাচনী ‘গ’ সেট তুলে দেয়া হয়।
 
কেন্দ্রের ২০ নম্বর কক্ষের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী বলেন, আমাদের কক্ষে ২০১৬ সালের বহু নির্বাচনী ‘গ’ সেট প্রশ্নে প্রায় ২০ মিনিট পরীক্ষা নেয়া হয়। বিষয়টি নজরে আসলে দায়িত্বরত শিক্ষককে জানানো হয়। পরে ৭মিনিট পরীক্ষার সময় বাড়িয়ে দেয় কর্তৃপক্ষ।
 
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রিন্সিপাল ড. হাবিবুর রহমান বলেন, ভুলক্রমে ২০১৬ সালের বহু নির্বাচনী ‘গ’ সেট প্রশ্ন দেয়া হয়। কিছুক্ষণের মধ্যেই সেটি পরিবর্তন করা হয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিক কেন্দ্রে গিয়ে প্রশ্ন পরিবর্তন এবং ৭মিনিট সময় বাড়িয়ে দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি