চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাঁঠালতলা এলাকায় অভিযান চালিয়ে ৭টি স্বর্ণের বারসহ শাহীন হোসেন (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত শাহীন হোসেন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মৃত আমির উদ্দীনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার করা হবে- এমন খবরের ভিত্তিতে আজ ভোর থেকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের কাঁঠালতলা এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি দল। এসময় আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা নিউ মডার্ন নামের একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে তল্লাশি চালিয়ে বাসযাত্রী শাহীনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭টি স্বর্ণের বার জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর লুৎফুল কবীর জানান, ৭টি স্বর্ণের বারের ওজন প্রায় ৭শ' গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্তের মাথাভাঙ্গা নদী থেকে ৩২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
ইত্তেফাক/এসএস
