বাড়িতে ঢুকে শ্বশুরকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ২৩:০৮
পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামে শুক্রবার সন্ধ্যায় জামাই ও বেয়াই মিলে পিটিয়ে হত্যা করেছেন এক বৃদ্ধকে। নিহত বৃদ্ধ হলেন সোনাহারপাড়া গ্রামের মৃত শুকুর সরদারের ছেলে আ. ছাত্তার সরদার (৬০)। এ ঘটনায় পুলিশ জামাইয়ের বাবা আ. জলিল (৪৬) ও মা সালমা খাতুনকে (৩৮) আটক করেছে।
 
পুলিশ জানায়, ছাত্তারের বাড়িতে শুক্রবার দাওয়াত খেতে আসেন তার বেয়াই চরপাড়া গ্রামের আ. জলিল। সন্ধ্যায় মেয়েকে নিয়ে যেতে চাইলে ছাত্তার আরো কয়েকদিন মেয়েকে রেখে যেতে বলেন। এনিয়ে বেয়াইয়ের সাথে বাক বিতণ্ডা শুরু হয়। জলিল বাড়িতে গিয়ে ছেলে রিমন হোসেনসহ অন্যদের সাথে নিয়ে আসেন এবং ছাত্তারের বাড়িতে ঢুকে লাঠি দিয়ে পিটিয়ে তাকে জখম করেন।
 
এলাকাবাসী এগিয়ে এলে বেয়াই আ. জলিল ও জামাই রিমন হোসেনসহ অন্যরা পালিয়ে যান। এলাকাবাসী আহত ছাত্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। চাটমোহর থানার ওসি এসএম আহসান হাবীব জানান, শুনেছি তুচ্ছ ঘটনা নিয়ে জামাই পিটিয়ে হত্যা করেছেন শ্বশুর ছাত্তারকে। পুলিশ লাশ উদ্ধার করেছে। মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/আরকেজি