পলাশবাড়ীতে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:৩৯

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা

পলাশবাড়ীতে ধানক্ষেত থেকে এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) কামাল হোসেন জানান, সকালে গোডাউন বাজার এলাকায় রাস্তার পাশের একটি ধানক্ষেতে নবজাতককে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ নবজাতককে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেয়।

গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) শাহীনুল ইসলাম শাহীন জানান, উদ্ধারকৃত নবজাতককে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। পলাশবাড়ীর অফিসার ইনচার্জ হিপজুল আলম মুন্সি জানান, নবজাতক শিশুটি বর্তমানে সুস্থ আছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসনকে অবগত করা হয়েছে।