রামপুরায় পোশাক কারখানার গুদামে আগুন

আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১৭:৫১
রাজধানীর রামপুরা ওয়াপদা রোডের আশিয়ান নামে একটি পোশাক কারখানায় গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
 
রবিবার দুপুরে এমএল টাওয়ারের ৬ তলায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 
 
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন জানান, দুপুর ১টা ৪৭ মিনিটে ফেব্রিক্স গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিনির্বাপকরা কাজ করে বিকাল ৩টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কীভাবে আগুন লেগেছে তা আমরা নিশ্চিত হতে পারিনি। 
 
ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক সাইফুল্লাহ মাহমুদ দুলাল বলেন, স্থানীয়দের মাধ্যমে আগুনের খবর পাই। এরপর দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয় ঘটনাটি। এই স্বেচ্ছাসেবকের দাবি, আগুনের ঘটনায় ভবনের পাঁচ থেকে সাত তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওপরের ফ্লোরগুলোতে খুব বেশি ক্ষতি হয়নি। 
 
রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি)  প্রলয় কুমার সাহা বলেন, দুপুরের খাবারের বিরতি থাকায় শ্রমিকরা অধিকাংশই বাইরে ছিল। যারা বিভিন্ন ফ্লোরে অবস্থান করছিল, তার দ্রুত ভবন থেকে নেমে যায়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/ইউবি