বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় ধান ক্ষেতে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম কামরুল ইসলাম (২৮)। তিনি উপজেলার বড়বিহানালী ইউনিয়নের মরুরীপাড়া এলাকার আমবাড়িয়া গ্রামের চয়েন উদ্দীনের ছেলে। ওই ঘটনায় পুলিশ রঞ্জু (৪৮) নামের এক দাদন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। দাদন ব্যবসাকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে কামরুল ইসলাম তার চাচাতো ভাইয়ের ১০০ সিসির হিরো মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সে রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বুধবার বেলা সাড়ে ৮টার দিকে এলাকার লোকজন বিলসুতি বিলের রাস্তায় মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে। তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে তারা মোটরসাইকেলের কাছে গিয়ে কামরুল ইসলামের জবাই করা লাশটি দেখতে পায়। তাদের চিত্কারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং কামরুলের লাশটি দেখতে পায়। বিষয়টি মুঠোফোনে বাগমারা থানার পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সেটি থানায় নিয়ে যায়।
