ভারতের ৯টি শহর বিশ্বের সবচেয়ে দূষণের শিকার

আপডেট : ০৪ মে ২০১৮, ০৪:৩২
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বুধবার তাদের দূষণ সমীক্ষার সর্বশেষ রিপোর্ট প্রকাশ করেছে। এতে বিশ্বের সবচেয়ে দূষণের শিকার ১০ শহরের মধ্যে ৯টিই ভারতের। তালিকার প্রথম ২০টিতে ভারতের ১৪টা শহরের নাম এসেছে। সেখানে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহর কানপুর। 
IMG0
হু প্রত্যেক শহরের বাতাসে পিএম (পার্টিকুলেট ম্যাটার) ২.৫ এবং পিএম১০, এই দুই ধরণের দূষিত বস্তুকণার বাৎসরিক গড় ঘনত্বের হিসেব নিয়েছে। পিএম২.৫ এর মধ্যে আছে সালফেট, নাইট্রেট এবং ব্ল্যাক কার্বনের মতো সূক্ষ্ম দূষণ কণাগুলি, যেগুলি মানুষের স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে বিপজ্জনক। 
IMG1
বায়ু দূষণের নিরিখে কানপুরের পরেই রয়েছে ফরিদাবাদ (বিশ্বে ২ নম্বর), বারাণসী (৩), গয়া (৪), পটনা (৫), দিল্লি (৬), লক্ষ্মৌ (৭)। ৮ নম্বরে আছে প্রথম ১০ এর একমাত্র অভারতীয় শহর বামেন্ডা (ক্যামেরুন)। ৯ নম্বরে আগরা, ১০এ মুজফ্‌ফরপুর। কানপুরে এই পিএম২.৫ এর গড় ঘনত্ব প্রতি ঘন মিটারে ১৭৩ মাইক্রোগ্রাম। হু প্রস্তাবিত পিএম২.৫ এর নিরাপদ মাত্রা হল প্রতি ঘন মিটারে ১০ মাইক্রোগ্রাম (১ মাইক্রোগ্রাম হল ১ গ্রামের ১০ লক্ষ ভাগের ১ ভাগ)।
IMG2
তালিকায় ১১ থেকে ২০ নম্বরে থাকা শহরগুলি হল শ্রীনগর, গুরুগ্রাম, পেশোয়ার (পাকিস্তান), রাওয়ালপিন্ডি (পাকিস্তান), জয়পুর, কাম্পালা (উগান্ডা), পাতিয়ালা এবং জোধপুর। বিশ্বের সবচেয়ে কম দূষিত শহরের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তিন শহর— ওয়েন্ডেন, উইলিস্টন এবং সিনক্লেয়ার। পিএম২.৫ এর গড় ঘনত্ব এই তিন শহরে প্রতি ঘন মিটারে ২ মাইক্রোগ্রাম করে। 
IMG3
এই তালিকায় প্রথম কুড়িতে চীনের কোনো শহর না থাকলেও সে দেশের দূষণচিত্রটা সার্বিকভাবে খুবই শোচনীয়। কারণ, বিশ্বের সবচেয়ে দূষিত প্রথম ৫০০টি শহরের মধ্যে মধ্যে রয়েছে চীনের ২৮২টি শহর। এই রিপোর্টে আরো জানানো হয়েছে, বিশ্বের ১০ জনের মধ্যে ন’জনই অতি দূষিত বস্তকণাযুক্ত বাতাসে শ্বাস নেন। এছাড়া, বিশ্ব জুড়ে বছরে অকালে মারা যাওয়া ৭০ লক্ষ মানুষের মধ্যে ৪০ লক্ষ মানুষই মারা যান বায়ু দূষণের কারণে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু