২৫ এপ্রিলের পর বিজিএমইএ ভবন ভাঙা হবে :পূর্তমন্ত্রী

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২২:২১

ইত্তেফাক রিপোর্ট

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রাজধানীর হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভাঙতে সেনাবাহিনী নয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকই যথেষ্ট। দেশীয় এমন প্রযুক্তি রয়েছে যা ব্যবহার করলে এক ঘণ্টার মধ্যেই ভবনটি ভেঙে স্তুূপ আকারে জায়গাতে বসে পড়বে। ঝুঁকিপূর্ণ নয় এমন আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে পরিবেশসম্মত উপায়ে ২৫ এপ্রিলের পর যেকোনো সময় ভবনটি ভাঙা হবে। একইসঙ্গে ভবন ভাঙার জন্য কোনো উপযুক্ত প্রতিষ্ঠান না পাওয়া গেলে আধুনিক নির্মাণ প্রক্রিয়ায় রাজউককে দিয়েই ভাঙার বা বর্তমান স্থান থেকে উচ্ছেদ করার প্রক্রিয়া গ্রহণ করা হবে। গতকাল বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বিজিএমইএ ভবন ভাঙার সর্বশেষ প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

গণপূর্তমন্ত্রী বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে এবার বিজ্ঞানসম্মত, পরিবেশসম্মতভাবে ভবন ভাঙার প্রস্তুতি নিয়েছি। যাতে কোনোভাবেই প্রাণহানি বা ক্ষতির সম্মুখীন না হই,  সেভাবেই এগোচ্ছি। ভবন ভাঙতে ইতোমধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি। যে সকল প্রতিষ্ঠানের এ ধরনের ইমারত ভাঙার অভিজ্ঞতা আছে, তাদের ২৪ এপ্রিলের মধ্যে কোটেশন দাখিল করার জন্য আহ্বান করেছি। আগামী ২৫ এপ্রিল সিদ্ধান্ত গ্রহণ করব, কোন সংস্থা উপযুক্ত, যাদের দিয়ে ভাঙা সম্ভব। কবে নাগাদ এ ভবন ভেঙে ফেলা হবে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২৫ এপ্রিলের পর এক সপ্তাহের ভেতরে বিজিএমইএ ভবন ভেঙে ফেলার কার্যাদেশ দেওয়া সম্ভব হবে। ভবনটি গুঁড়িয়ে দেওয়ার পরে যেখানে পড়বে তার আশপাশে প্রয়োজনীয় প্রস্তুতি অর্থাত্ বিদ্যুতের সংযোগ অনেক দূর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একইভাবে গ্যাস ও পানির লাইন সংযোগস্থল থেকে বিচ্ছিন্ন করা হবে।

মন্ত্রী বলেন, যে পদ্ধতির কথা গণমাধ্যমে আসছে সবটা সঠিকভাবে আসেনি। ডিনামাইটের প্রচলিত অর্থ বোমা হলেও এটা আসলে একটা নির্মাণ পদ্ধতি। আমাদের  দেশেই এমন সব পদ্ধতি আছে, ভবনটি ভাঙতে বেশি সময় লাগবে না।

বিজিএমইএর বিদায়ী সভাপতিকে উকিল নোটিস

সর্বোচ্চ আদালতে লিখিত মুচলেকা দেওয়ার পরেও বিজিএমইএ ভবন খালি করার জন্য পুনরায় সময় চেয়ে সংগঠনটির করা আবেদন প্রত্যাহারের জন্য লিগ্যাল নোটিস দেওয়া হয়েছে। নোটিসপ্রাপ্তির তিনদিনের মধ্যে আবেদনটি প্রত্যাহার করে না নিলে আদালত অবমাননার মামলা করা হবে। সংগঠনটির বিদায়ী সভাপতি সিদ্দিকুর রহমান বরাবর গতকাল এই নোটিস পাঠিয়েছেন এই মামলার অ্যামিকাসকিউরি আইনজীবী মনজিল মোরসেদ। গতকাল ডাকযোগে তিনি এই নোটিস পাঠান।