সখীপুরে ১৩৬ মোটরসাইকেল চালকের নামে মামলা

আপডেট : ০৭ মে ২০১৮, ১৭:৪১
টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশ সখীপুর উপজেলার বিভিন্ন সড়কে বিশেষ অভিযান চালিয়ে ১শ ৩৬টি মোটরসাইকেল আটক করেছে। এ সময় ট্রাফিক আইন লংঘনের দায়ে চালকদের নামে মামলা করা হয়েছে। রবিবার সখীপুর পৌরশহরসহ বিভিন্ন মোড়ে সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চলে।
 
টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশ সূত্র জানায়, রবিবার সকালে জেলা ট্রাাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) এশরাজুল ইসলামের নেতৃত্বে ট্রাফিক পুলিশের বিশেষ টিম সখীপুর উপজেলায় অভিযান চালায়। এ সময় ট্রাফিক আইন লংঘনের দায়ে ১শ ৩৬ টি মোটরসাইকেল আটক করা হয় এবং আইন লংঘনের দায়ে চালকদের নামে মামলা করা হয়।
 
মোটরসাইকেলগুলো আটকের পর সখীপুর থানা পুলিশ লাইনে রাখা হয়েছে। এ প্রসঙ্গে জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) রফিকুল ইসলাম সরকার বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে অভিযান চালানো হয়। অভিযানে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় চালকদের নামে মামলা করা হয়েছে। চালকদের পরবর্তীতে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে ট্রাফিক আইন লংঘনের দায়ে অপরাধ অনুযায়ী নির্দিষ্ট পরিমান অর্থ জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হবে।
 
ইত্তেফাক/নূহু