মৌলভীবাজারে বজ্রপাতে পৃথক স্থানে এক কৃষক ও এক মৎসজীবীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— জেলার সদর উপজেলার আবু সামাদ এবং শ্রীমঙ্গল উপজেলার মফিজ মিয়া। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার খলিলপুরে বাড়ির পাশে ধান কাটতে গেলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু সামাদ (১৭) মারা যান। আবু সামাদ একই এলাকার ফয়েজ উদ্দিনের পুত্র।
অপরদিকে শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওর এলাকায় নৌকা নিয়ে মাছ ধরতে মফিজ মিয়া (৩০) নামের এক মত্স্যজীবী বের হলে বৃষ্টি ও ঝড় আসে। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মফিজ মিয়া উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা গ্রামের ইসলাম মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হন তার ভাই রসিক মিয়া (৩৬) ও নজির মিয়া (৬০) নামে আরো এক কৃষক।
ইত্তেফাক/এএম
