সাভারের চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) পরিচালনার ভার যাচ্ছে ট্যানারি মালিকদের হাতে। এক্ষেত্রে সব দায়দায়িত্ব মালিকপক্ষের থাকবে। তবে সরকার সহযোগিতা করবে। এ লক্ষ্যে চলতি মাসে একটি কোম্পানি গঠন করা হবে। গতকাল বুধবার শিল্প মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর এক সভায় এ সিদ্ধান্ত হয়। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়া ট্যানারি মালিক ও বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বর্তমানে ট্যানারির সিইটিপি পরিচালনা করছে চীনের একটি কোম্পানি; কিন্তু সঠিকভাবে সিইটিপি পরিচালনা করা হয় না বলে ট্যানারি মালিকদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। মালিকপক্ষ জানান, বর্জ্য শোধন না করে রাতের আঁধারে তা পাশের শীতলক্ষ্যা নদীতে ফেলে পানি দূষিত করা হচ্ছিল।
