জাপানি প্রধানমন্ত্রীকে জুতোয় খাবার দিলো ইসরাইল!

আপডেট : ০৯ মে ২০১৮, ১৯:২৭
সম্প্রতি ইসরাইল সফর করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। তার এ সফর উপলক্ষে ২ মে বুধবার জেরুজালেমে দুই দেশের একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর রাজকীয় ভোজের আয়োজন করা হয়েছিল। খাবার টেবিলের একদিকে সস্ত্রীক বসেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। উল্টো দিকে অতিথি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং তার স্ত্রী। তাদের সামনে সাজানো চারখানি জুতো। যাতে আসলে পরিবেশন করা হয়েছে ডেজার্ট।
IMG0
রবিবার সগর্বে এই ছবিটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ইসরাইলের তারকা শেফ সেগেভ মোশে। আর তা দেখেই আঁতকে উঠেছেন জাপানের কূটনীতিকেরা। প্রশ্ন উঠছে, জুতোয় করে খাবার পরিবেশনের এই ভাবনা কি শৈল্পিক চমক, নাকি নিছকই মজা। এক জাপানি কূটনীতিকের মতে, ‘কোনো সংস্কৃতিতেই খাবার টেবিলে জুতো রাখাকে ভাল নজরে দেখা হয় না। ওই শেফ কী ভেবে এটা করেছেন, জানি না। বিষয়টা আদৌ মজার নয়। এতে প্রধানমন্ত্রীর মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলেই মনে করছি।’
IMG1
ছবি পোস্ট করেছেন মোশে। জানিয়েছেন, জুতোটি আসল নয়, ধাতুর তৈরি। ব্রিটিশ শিল্পী টম ডিক্সন সেটি তৈরি করেছেন। তবে সেই ভাবনা যতই অভিনব হোক না কেন, সমালোচনা পিছু ছাড়ছে না কিছুতেই। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘জাপানি সংস্কৃতিতে জুতোকে নিচু নজরেই দেখা হয়। ওরা বাড়িতে, এমনকি অফিসেও জুতো পরেন না। জাপানের মানুষ তাই ঘটনাটিকে অপমানজনক বলে মনে করতেই পারেন।’ ওয়াশিংটন পোস্ট।
 
ইত্তেফাক/সেতু