লিবিয়ায় যুদ্ধাবস্থার অবনতিতে প্রায় ৩০০ বাংলাদেশিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, ত্রিপোলি এবং এর আশপাশে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি থাকেন। এর মধ্যে ৩০০ জন যুদ্ধক্ষেত্রের খুব কাছে অবস্থান করছিলেন। এজন্য তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশিদের হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল থেকে পূর্বাঞ্চলীয় বিদ্রোহী গ্রুপের নেতা খলিফা হাফতার রাজধানী ত্রিপোলি দখলের জন্য হামলা চালিয়ে যাচ্ছেন। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত সরকারের সেনাবাহিনী তাদের প্রতিরোধ করার চেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় প্রতিদিনই হতাহতের সংখ্যা বাড়ছে। গতকাল বুধবারও ত্রিপোলিতে বিদ্রোহীদের হামলায় চার জন নিহত হয়েছেন।
