রাজধানীর যাত্রাবাড়ির ডেমরার কুতুবখালিতে একটি মাদ্রাসার হোস্টেলে গতকাল বুধবার রাতে আগুন লাগে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। ৮ তলা ভবনের ওই হোস্টেলে সাড়ে ৪শ’ মাদ্রাসা ছাত্র থাকতেন বলে জানা গেছে। রাত ১২টায় আগুন লাগার পর ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে রাতেও নিচতলা থেকে ধোয়া বের হতে দেখা গেছে। হোস্টেল কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্ররা নিরাপদে বের হয়ে এসেছে। এছাড়া বেশ কিছু পরিবারও সেখানে বসবাস করতেন, তারাও নিরাপদে বের হয়েছেন।
কুতুবখালির মাদ্রাসা তুল ইসলামের একটি হোস্টেল রয়েছে বিশ্বাস ম্যানশনে। ৮ তলা ভবনের নিচতলায় টেলিভিশনের কারখানা। রাত ১২টার দিকে ওই কারখানা থেকে ধোয়া বের হতে দেখেন আশপাশের মানুষ। দ্রুত খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। রাত ১টার দিকে নিচতলার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া বের হতে দেখা গেছে। যাত্রাবাড়ি থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, আশপাশের লোকজন, ফায়ার কর্মীরা ছাত্রদের বের করে এনেছেন। হুজুররা জানিয়েছেন, ছাত্ররা নিরাপদে আছেন। কয়েকটি ফ্লাটেও মানুষ বসবাস করেন। তারাও নিরাপদে নেমে এসেছেন। শুধু ধোঁয়া দেখা গেলেও আগুনের লেলিহান শিখা দেখা না যাওয়ায় আগুন উপরের দিকে উঠেনি। প্রাথমিকভাবে কোন হতাহত নেই বলেই জানা গেছে।
