গোপালগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০২:৫১

গোপালগঞ্জের কাশিয়ানীতে বকেয়া দোকান ভাড়া চাইতে গিয়ে ভাড়াটিয়া খালাত ভাইয়ের  হাতে দোকান মালিক মোঃ শামছুল আলম মানু খুন হয়েছেন। বুধবার বিকেলে কাশিয়ানী উপজেলা সদরের জলকার পাড়ায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় পুলিশ ভাড়াটিয়া এইচএম মাসুদুর রহমার সোহাগকে (৩০) গ্রেফতার করেছে।  গ্রেফতারকৃত সোহাগ সম্পর্কে মানুর আপন খালাতো ভাই। সোহাগ যশোর সদর থানার পুরাতন কসবা এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে।

কাশিয়ানী থানার ওসি মোঃ আজিজুর রহমান জানান, উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন মিয়ার মেঝ ছেলে সৌদি প্রবাসী মো.শামছুল আলম মানু তার ভবনের নিচ-তলায় একটি দোকানঘর খালাতো ভাই সোহাগকে ভাড়া দেন। সম্প্রতি তিনি সৌদি থেকে দেশে এসেছেন। বুধবার বিকেলে তিনি সোহাগের কাছে বকেয়া দোকান ভাড়া চাইতে যান। তখন ভাড়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সোহাগ রড দিয়ে মালিক মানুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা মানুকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। খুনের অভিযোগে মানুর খালাত ভাই সোহাগকে গ্রেফতার করা হয়েছে। বকেয়া দোকান ভাড়া নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/আরকেজি