বিরল রোগে আক্রান্ত সাজিদ এসএসসি পাস করেছে

আপডেট : ১২ মে ২০১৮, ১১:০৮
লোহাগাড়ায় বিরল রোগে আক্রান্ত মেধাবী ছাত্র আসিবুল হাসান সাজিদ এসএসসি পাশ করেছে। সে উপজেলার দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় হতে মানবিক বিভাগ থেকে জিপিএ-৩.৫৬ পেয়েছে।
 
জানা যায়, সাজিদ কঠিন দূরারোগ্য রোগে আক্রান্ত। তাকে দেখলে মনে হবে ৫ম শ্রেণির ছাত্রের মতো। রোগটি তার শরীরের বৃদ্ধির গতি থামিয়ে দিয়েছে। বিরল রোগের অসহ্য যন্ত্রণা নিয়ে থেমে থাকেনি তার পড়ালেখা। অদম্য ইচ্ছায় সে পড়ালেখা চালিয়ে যাচ্ছে।
 
সাজিদের বাবা মো. ইব্রাহীম জানান, তার ছেলে বিগত ৫ বছর ধরে বিরল রোগে আক্রান্ত। তার চিকিৎসায় এ পর্যন্ত প্রচুর টাকা খরচ হয়েছে। তারপরও লেখাপড়ার প্রতি তার প্রবল আগ্রহ। সে লেখাপড়া করতে চায়। ভবিষ্যতে প্রাণিসম্পদ নিয়ে সাজিদের গবেষণা করার ইচ্ছা।
 
এদিকে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম তাকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছেন। তিনি ফল প্রকাশের দিন বিকেলে তাকে ল্যাপটপ ও টার্কি মুরগি দেন। ইউএনও জানান, এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনের সময় সাজিদের সাথে দেখা হয়। পরীক্ষা চলাকালীন তার রোগের যন্ত্রণা তিনি দেখেছেন। ফেসবুকে সাজিদের এ বিরল রোগের কথা তুলে ধরেছেন। এসএসসি পাশ করায় তিনি খুব খুশি হয়েছেন।
 
ইত্তেফাক/আরকেজি