সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই

আপডেট : ১২ মে ২০১৮, ১৩:৪৫
চট্টগ্রামের সাতকানিয়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনটি ঘটে গত গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার সময় উপজেলার নলুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মান্দার পাড়া এলাকায়। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
 
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিকরা হলেন- রফিক আহমদ, আজম আলী, আইয়ুব খান, নেছার আহমদ, মাওলানা রফিক ও রমিজ আহমদ।
 
জানা যায়, টিনের চালা ও বেড়ার বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ার কারণে কোন বসতঘর থেকে কিছুই বের করা সম্ভব হয়নি। স্থানীয়রা ও ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিকরা জানান আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
 
উপজেলার নলুয়া ইউনিয়নের সদস্য আবু তাহের অগ্নিকাণ্ডে ছয় বসতবাড়ি পুড়ে যাওয়ার ঘটনাটি ইত্তেফাককে নিশ্চিত করে বলেন, ওই অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
 
সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো.ইদ্রিস ইত্তেফাককে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ঘরগুলো পুড়ে যায়।
 
ইত্তেফাক/এসএস