পাবনার ভাঙ্গুড়ায় ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পাওয়ায় গতকাল আবুল হাসান(৫২)নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে রোগীর স্বজনেরা সোমবার হাসপাতালের সামনে বিক্ষোভ করেছে। মৃত আবুল হাসানের বাড়ি ভাঙ্গুড়া পৌরসভার এস আর পাড়ায়। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, রবিবার আবুল হাসানের বুকে প্রচণ্ড ব্যথা হলে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে কোনও ডাক্তার না থাকায় রোগীকে চিকিৎসা দেওয়া হয়নি। ফলে তার মৃত্যু হয়।
উপ-সহকারী মেডিকেল অফিসার রুবেল আহমেদ তখন জরুরী বিভাগে দায়িত্ব পালন করলেও রোগীর স্বজনেরা তাতে সন্তষ্ট হতে পারছেন না।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা হালিমা খাতুন বলেন, হাসপাতালে ১৫ জন ডাক্তার প্রয়োজন। সেখানে মাত্র দুজন ডাক্তার কর্মরত। তাদের মধ্যে ডা. ইকরামুন্নাহার শেলী ক্যান্সারে আক্রান্ত। তাই কাংক্ষিত সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়েছে।
তিনি আরো জানান, গ্যাসট্রিক ও রক্তচাপজনিত কারণে ওই রোগীকে ভর্তি করা হয়েছিলো। কিন্তু চিকিৎসা দেয়ার পূর্বেই তিনি মারা গেছেন।
ইত্তেফাক/নূহু
