ভূঞাপুরে ওয়ার্ড বয় এখন চক্ষু বিশেষজ্ঞ!

আপডেট : ১৫ মে ২০১৮, ১৮:৩১
টাঙ্গাইলের ভূঞাপুরে দুই ভুয়া চিকিৎসককে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
 
মঙ্গলবার দুপুরে ভূঞাপুর চক্ষু হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন চক্ষু হাসপাতালের সিনিয়র ডাক্তার হিসেবে পরিচিত আইয়ুব খান এবং জুনিয়র ডাক্তার হিসেবে পরিচিত মঞ্জুরুল ইসলাম মাসুম।
 
স্থানীয়রা জানান, ডাক্তার পরিচয় দেয়া মাসুম চক্ষু হাসপাতালে ওয়ার্ড বয় ও আইয়ুব আলী হাসপাতালে আসা চিকিৎসকের সহকারি ছিলেন। মাসুমের মা ছিলেন অফিস সহকারি। এখন মাসুম অভিজ্ঞ ডাক্তার আর তার মা চক্ষু স্পেশালিষ্টের দায়িত্বে রয়েছেন। মাসুম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন এসএসসি পাস করে ঢাকার বেসরকারি একটি প্রাইভেট ভার্সিটি থেকে ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে চক্ষু হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
 
তারা দীর্ঘদিন যাবৎ হাসপাতালে বসে রোগীদের কাছ থেকে টাকা নিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এছাড়া রোগীদের বিভিন্ন টেষ্ট ও উচ্চমাত্রার ওষুধ লিখে দিচ্ছেন চিকিৎসাপত্রে।
 
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ আহম্মদ বলেন, চিকিৎসা বিষয়ক সনদপত্র না থাকায় তাদের প্রাথমিক পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।এছাড়া তারা যাতে পরবর্তীতে কোন রোগীদের চিকিৎসাপত্র বা এই সকল কাজে জড়িত না থাকে তার নির্দেশ দেওয়া হয়।
 
এদিকে হাসপাতালে রোগীদের চিকিৎসা প্রদানের জন্য সনদধারী ডাক্তার এবং ক্রটিপূর্ণ ও পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় ভ্রাম্যমান আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে জরিমানা না করলেও তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়।
 
ইত্তেফাক/নূহু