বিজেপির বিরুদ্ধে ১০০ কোটি রুপি ঘুষের অভিযোগ জেডিএসের

আপডেট : ১৬ মে ২০১৮, ১৫:৫৫
ভারতে বিরোধীদলীয় নেতাদের ১০০ কোটি রুপি ঘুষের প্রস্তাব দেয়ার অভিযোগ ওঠেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে। আজ বুধবার জনতা দল সেক্যুলারের (জেডিএস) প্রধান এইচডি কুমারস্বামী বিজেপির বিরুদ্ধে এমন অভিযোগ আনেন। এছাড়া তিনি জানান, কর্ণাটকে সরকার গঠনে বিজেপির সঙ্গে জোট গঠনের কোন সম্ভাবনা নেই জেডিএসের। এ খবর দিয়েছে এনডিটিভি।
 
কুমারস্বামীকে উদ্ধৃত করে খবরে বলা হয়, বিজেপি আমার দলের ৩২ জন আইনপ্রণেতাকে প্রস্তাব দিয়েছে। তবে তারা কেউই রাজি হয়নি। জেডিএস প্রধান বলেন, আমি চাই মানুষ এসব দেখুক। তারা আমার লোকজনকে নগদ ১০০ কোটি রুপি ও মন্ত্রী পরিষদে নিশ্চিত পদ দেয়ার প্রস্তাব দিয়েছে। আমি কর্ণাটকের মানুষকে আহ্বান জানাই কি ঘটছে তা দেখার জন্য। তাদের কাছে দিল্লীতে প্রচুর অর্থ আছে। বিজেপি ক্ষমতায় আসার জন্য এমএলএ’দের কোটি কোটি অর্থ দিয়েছে।
 
২০০৮ সালে কংগ্রেস ও জেডিএস থেকে বেশ কয়েকজন আইনপ্রণেতা বিজেপিতে চলে যান। ওই ঘটনা ‘অপারেশন লোটাস’ নামে পরিচিত। সেদিকে ইঙ্গিত করে কুমারস্বামী বলেন, জনগণ যদি অপারেশন লোটাস সম্পর্কে ভুলে যায় তাহলে আমি তা সবাইকে মনে করিয়ে দিতে চাই। ভারতের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য কর্ণাটকের বিধানসভার নির্বাচনে পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় কোন দলই এককভাবে সরকার গঠন করতে পারবে না। 
 
ফলাফল অনুসারে, একক দল হিসেবে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছে বিজেপি। রাজ্যের মোট ২২৪টি বিধানসভা আসনের মধ্যে ২২২টিতে ভোট গ্রহণ হয়। এর মধ্যে বিজেপি জয়ী হয়েছে ১০৪টি আসনে। অন্যদিকে, দুটি স্বাধীন দলের সঙ্গে মিলে যৌথভাবে ১১৮ আসনে জয়ী হয়েছে কংগ্রেস। তারা কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিয়ে সরকার গঠন করতে সম্মত হয়েছে। এনডিটিভি।
 
ইত্তেফাক/জেআর