নীলফামারীর ডোমার উপজেলায় ঘূর্ণিঝড়ে ছিঁড়ে পড়া সেচ পাম্পের বিদ্যুতের তারে জড়িয়ে সাব্বির রহমান নামের এক দ্বিতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় সুমাইয়া ও রুমিনা নামের তার দুই সহপাঠীও আহত হয়। আজ বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
রুমিনা আশঙ্কামুক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সুমাইয়া আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, আজ দুপুর দেড় টার দিকে উপজেলার বামুনিয়া ইউনিয়নের কাছারী এলাকায় বাড়ির পাশে সেচপাম্পের পড়ে থাকা ছেঁড়া তারে তারা জড়িয়ে যায়। সাব্বির ওই এলাকার আতাউর রহমানের ছেলে, সুমাইয়া একই এলাকার রবিউল ইসলাম ছুট্টু ও রুমিনা রবিউল আলমের মেয়ে। তারা বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়ালেখা করে। সুমাইয়ার চিকিৎসার সকল দায়িত্ব নেয় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. উম্মে ফাতিমা জানান, দুর্ঘটনার কথা শুনে আমি সুমাইয়ার চিকিৎসার দায়িত্ব নিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছি।
ইত্তেফাক/এসএস
