কবিতার জমিন

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৮:২০

 

শব্দের জমি না থাকলে কিভাবে কবিতার চাষ হবে?

সাফ কাবলা জমি হলেই শব্দের জমি হয় না;

জমি হতে হবে ফুল চাষের উপযোগী

রমণীর শরীরের সমান্তরাল কোমল জমিন যেখানে

অহোরাত্র চলতে পারে ভাব আর ভাষার দাম্পত্য।

এমন জমি খুঁজে পাওয়া বেশ কঠিন কাজ

যে জমি নিজেই সরোবর, যে জমিতে নারীর যৌবন ফেটে পড়ে;

যে রমণীর স্নানে সরোবর আলো ছড়ায়

যে জমিতে প্রকৃতি মানুষকে প্রেমের নামতা পড়ায়।

শরীর লিজ নিলে সে জমি পাওয়া যায় না

প্রিয় শরীরের জন্য রমণীর যে শরীর কাঁদে;

সে জমিতেই কবিতার চাষ হয়;

মানব-মানবীর সুখের নীড় সেখানেই রচিত হয়।

দিশেহারা শব্দের মালী হয়ে ঘুরেছি আমি

আমার কষ্টের কথা জানে না শব্দের অন্তর্যামী,

শব্দরা যখন অবলীলায় কবিতায় ঢুকে যায়

কবি তখন সহজেই কবিতার জমিন খুঁজে পায়।