মংলা ও রামপাল উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১(২) অনুচ্ছেদের ক্ষমতাবলে শূন্য ঘোষিত দশম জাতীয় সংসদের ৯৭ বাগেরহাট-৩ নির্বাচনী এলাকার ভোটারগণকে উক্ত নির্বাচনী এলাকা হতে একজন জাতীয় সংসদ সদস্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
২৪ মে বৃহস্পতিবার রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জামার শেষ তারিখ।
২৭ মে রবিবার মনোনয়নপত্র বাছাই ও ০৩ জুন রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ২৬ জুন মঙ্গলবার ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছেন।
রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: নুরুজ্জামান তালুকদার। সহকারী রিটার্নীং অফিসারের দায়িত্ব পালন করবেন বাগেরহাট জেলা নির্বাচন অফিসার ও রামপাল উপজেলা নির্বাচন অফিসার।
ওই আসনের নির্বাচিত সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি পদত্যাগ করলে নির্বাচন কমিশন গত ১০ এপ্রিল ২০১৮ আসনটি শূন্য ঘোষণা করে।
ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
