প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পরিকল্পনায় দেশে খাদ্যের উৎপাদন বেড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি দেশে মঙ্গা নিয়ে এসেছিল। আর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশ থেকে মঙ্গা দূর করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে।
শনিবার জেলার সেতাবগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গ্রামীণ উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে খালিদ বলেন, আগে সারের দাবিতে কৃষকের জীবন দিতে হয়েছে, আর বর্তমান সরকার কৃষকের ঘরে ঘরে সার পৌঁছে দিয়েছে। বিএনপির সময়ে সেচের জন্য মানুষ বিদ্যুৎ পেত না, শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। দেশে ভয়াবহ বন্যার পরও তেল, সার ও বীজের কোন সংকট নেই। কৃষিপণ্য উৎপাদনে সরকার কৃষকদের পাশে আছে।
খালিদ বলেন, বর্তমান সরকারের লক্ষ্য সুসম অর্থনীতি। সরকারের উন্নয়নের বলয়ে রয়েছে, শহর থেকে গ্রাম, সব শ্রেণি-পেশার মানুষ। কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে। কৃষক তার হাতের নাগালে পাচ্ছে সব কৃষি উপকরণ। তথ্যপ্রযুক্তির সুবিধা এখন প্রান্তিক পর্যায়ে। এসব নানামুখী সুবিধার কারণে কৃষি পণ্যের উৎপাদন বেড়েছে কয়েকগুণ। বাড়ির পাশে স্কুল-কলেজ। বিনামূল্যের বই আর বিনা বেতনে শিক্ষার সুযোগে গ্রামীণ সমাজ আজ শিক্ষামুখী। গ্রামে গ্রামে বইছে শান্তির সুবাতাস। আবহমান গ্রাম বাংলার এ শান্তি-সৌহার্দ্য ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশেই নয়; সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন। তিনি আজ বিশ্ব মানবতার নেত্রী। কিন্তু বাংলাদেশের এ শান্তি বিনষ্ট করতে বিভিন্ন ভাবে ধারাবাহিক ষড়যন্ত্র করছে বিএনপি। নানা অপকৌশলে বিএনপি দেশের শান্তি-শৃক্সখলা নষ্ট করতে চায়। দেশের বিদ্যমান গ্রামীণ উন্নয়নের ধারা, শান্তি- সৌহার্দ্য ধরে রাখতে শেখ হাসিনাকে আবারো নির্বাচিত করার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন খালিদ।
বোচাগঞ্জ খাদ্য গুদামে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, উপজেলা চেয়ারম্যান ফরহাদ হোসেন, পৌর মেয়র আব্দুস সবুর, উপজেলা মিল মালিক-শ্রমিক সমিতির সভাপতি বাবলু চৌধুরী, আব্দুল হান্নান প্রমুখ।
ইত্তেফাক/রেজা
