নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় রাপোস দাস (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। রবিবার সকাল ছয়টার দিকে বাগাতিপাড়া-নাটোর সড়কের মাস্তান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাপোস দাস বাগাতিপাড়া উপজেলার নুরপুর চকপাড়া গ্রামের অশোক দাসের ছেলে এবং প্রাণ এ্যাগ্রো লিমিটেডের শ্রমিক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ছয়টার দিকে বাগাতিপাড়া থেকে একটি নছিমনে করে রাপোসসহ কয়েকজন প্রাণ এগ্রো লিমিটেডে ডিউটির জন্য যাচ্ছিলেন। মাস্তান মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি একটি শিমুল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাপোসসহ অন্যরা গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিত্সক রাপোস দাসকে মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে অপর একজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
ইত্তেফাক/এএম
