বগুড়ার ধুনট উপজেলায় ছাগলে ধান খাওয়ায় জায়েদা খাতুন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে তার নাতি। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জায়েদা খাতুন উপজেলার চিকাশি ইউনিয়নের পুরান চিকাশি গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী। এ ঘটনায় নাতি মেহের আলীকে (৪৫) গ্রেফতার করেছে। মেহের আলী একই গ্রামের ইউসুব আলীর ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহের আলী সকালের দিকে নিজ বাড়িতে বোরো ধান মাড়াইয়ের কাজ করছিল। এ সময় পাশের বাড়ির জায়দার ছেলে আকবর আলীর একটি ছাগল মেহের আলীর ধান খেতে থাকে। তখন মেহের আলী ছাগলটিকে বাঁশ দিয়ে আঘাত করে।
এ দৃশ্য দেখে আকবর আলী ছাগলটিকে পেটানোর প্রতিবাদ করে। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আকবর আলীকে পেটাতে থাকে ভাতিজা মেহের আলী। তখন আকবর আলীকে রক্ষার জন্য তার মা জায়েদা খাতুন এগিয়ে আসলে মেহের আলী তাকে বাঁশ দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. এরফান বলেন, ঘাতক মেহের আলীকে গ্রেফতার করা হয়েছে। জায়দা খাতুনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
